বড়াইগ্রামে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে অর্থ দাবি, যুবক গ্রেফতার

আসামি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ভুয়া পেজ খুলে পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছিল। সম্প্রতি আসামি জুয়েল এক ভিকটিমের ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির সাহায্যে অশ্লীল ছবি তৈরি করে তার হোয়াটসঅ্যাপে পাঠায়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ দাবির মামলায় যুবক গ্রেফতার
এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ দাবির মামলায় যুবক গ্রেফতার |প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ দাবির অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৪ আগস্ট) তাকে বড়াইগ্রাম থেকে ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করা হয়। এর আগে, রোববার (২৩ আগস্ট) রাতে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা হয়।

গ্রেফতার রাইসুল ইসলাম জুয়েল উপজেলার গোপালপুর কইল্লী পাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে।

র‌্যাব জানায়, আসামি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ভুয়া পেজ খুলে পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছিল। সম্প্রতি আসামি জুয়েল এক ভিকটিমের ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির সাহায্যে অশ্লীল ছবি তৈরি করে তার হোয়াটসঅ্যাপে পাঠায়। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৬০ হাজার টাকা দাবি করে।

এ ঘটনায় ভিকটিম রোববার ঢাকা মেট্রোপলিটনের ভাটারা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল অপরাধের বিষয়টি স্বীকার করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিধি মোতাবেক ঢাকার ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।