বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক ব্যাটালিয়ন সদর থেকে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে শার্শাগামী সাইকেল আরোহী রোমানের সাথে ট্রাকটির ধাক্কা লাগে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
নিহত রোমান
নিহত রোমান |নয়া দিগন্ত

যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ট্রাকের ধাক্কায় মো: রোমান (২১) নামে এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) রাতে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান বেনাপোল মানকিয়া গ্রামের সুমন শেখের ছেলে।

বিজিবি ও স্বজনরা জানায়, খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক ব্যাটালিয়ন সদর থেকে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে শার্শাগামী সাইকেল আরোহী রোমানের সাথে ট্রাকটির ধাক্কা লাগে। এসময় সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান তিনি। খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের একটি গাড়ি তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুরোতহাল রিপোর্টের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে জানায় স্বজনরা।

ঘটনার সময় বিজিবির ট্রাকটি ল্যান্স নায়েক মো: আজগর আলী চালাচ্ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী জানান, লাশটি যশোর সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।