সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে গ্রামের মাঠে ক্রিকেট খেলতে গিয়ে যুবক ফয়েজ মিয়া নিখোঁজ হন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
রাস্তার পাশে পড়ে আছে যুবকের লাশ
রাস্তার পাশে পড়ে আছে যুবকের লাশ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে ফয়েজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফয়েজ মিয়া আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়াপাড়া গ্রামের মো: ওসমান গনির ছেলে।

জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে গ্রামের মাঠে ক্রিকেট খেলতে গিয়ে যুবক ফয়েজ মিয়া নিখোঁজ হন। পরে তার লাশ এশিয়ান হাইওয়ে সড়কের সোনারগাঁওয়ের সিংলাবো এলাকায় পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয় এলাকাবাসী। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ এশিয়ান হাইওয়ে সড়কের পাশে ফেলে রেখে গেছে।

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আবদুল হক জানান, এশিয়ান হাইওয়ে সড়কের পাশে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে লাশের পরিচয় শনাক্ত না হলেও পরে পরিচয় মিলেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।