খালিয়াজুড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামের খালিয়াজুড়ি বাজারঘাট সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামের খালিয়াজুড়ি বাজারঘাট সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকি দাস সুনামগঞ্জের শাল্লা থানার বাজারকান্দি গ্রামের মত নগেন্দ্র দাসের স্ত্রী। তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে রসুলপুর ফেরিঘাট হয়ে মোটরসাইকেলে খালিয়াজুড়ি উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় লক্ষীপুর গ্রামের সড়কের একটি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।