ঈদগাঁও ( কক্সবাজার ) সংবাদদাতা
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে নানাবাড়ির লোকজন নুরুল আমিন মুন্না (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে । বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরতলীর রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন মুন্না কক্সবাজার পৌরসভার সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে নিহত মুন্নার মায়ের অংশের জমি নিয়ে তার নানি নয়না বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা হয়। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না শহরের পিটি স্কুল সংলগ্ন বাঁচামিয়ার ঘোনা এলাকায় গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, হামলায় অংশ নেন মুন্নার মামা হামিদউল্লাহ, মামাতো ভাই নয়ন, তৌহিদ ও মিসবাহসহ নানি নয়না বেগম। হামলার সময় লোহার বস্তু দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমি উদ্দীন।



