মাগুরায় দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের পর সেখানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে ১০/১২ জন নেতাকর্মী নিয়ে পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে জামরুলতলায় শহরের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরক।
এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এনামুল হক হীরক, সোনিয়া সুলতানা ও আওয়ামী লীগ কর্মী ওসমান মিয়াকে আটক করেছে।
এদিকে, আওয়ামী লীগের দলীয় কার্যালয় চালু করার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ওই অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে।
মাগুরা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জানান, ‘হঠাৎ করে কয়েকজন জামরুলতলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং দোয়া করে পালিয়ে গেছে। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।’



