শ্রীমঙ্গলে লেকের পানিতে সাঁতার কাটতে নেমে অটোচালকের মৃত্যু

অন্তর সাহা ব্যক্তি তার অটোরিকশাটি লেকের পাড়ে রেখে গোসল করতে পানিতে নামেন। একপর্যায়ে তিনি লেকের এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Sreemangal
পানিতে ডুবে নিহত অটোরিকশা চালকের লাশ উদ্ধার
পানিতে ডুবে নিহত অটোরিকশা চালকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের একটি লেকের পানিতে সাঁতার কাটতে নেমে তলিয়ে যাওয়া এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকার শংকর টিলা লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম অন্তর সাহা (২৫)। তিনি সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর এলাকার দিলিপ সাহার ছেলে বলে থানা পুলিশ নয়া দিগন্তকে জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর সাহা ব্যক্তি তার অটোরিকশাটি লেকের পাড়ে রেখে গোসল করতে পানিতে নামেন। একপর্যায়ে তিনি লেকের এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মাঝপথে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে চা বাগানের এক কর্মী স্থানীয় লোকজনকে খবর দেন। পরে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো: সোলায়মান জানান, থানার মাধ্যমে খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমের কারণে ওই ব্যক্তি গোসল করতে পানিতে নেমেছিলেন। লেকের পাড়ে তার অটোরিকশা ও কাপড় পড়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে তিনি তলিয়ে যান। নিহতের স্বজনরা থানায় এসেছেন বলেও তিনি জানান।