এসএমপির অ্যাকশন অব্যাহত, ৩২ ঘণ্টায় গ্রেফতার বেড়ে ১৪০

‘মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটক ও গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিশেষ অভিযানে আটক ও গ্রেফতারদের একাংশ
বিশেষ অভিযানে আটক ও গ্রেফতারদের একাংশ |নয়া দিগন্ত

সিলেট নগরীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় পৃথক ও বিশেষ অভিযানে নগরী থেকে ছিনতাইকারীসহ ১৪০ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর ও গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারদের মধ্যে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকসেবী, জুয়াড়ি, সন্দেহভাজন ব্যক্তি ও চোরাচালানকারী রয়েছেন।

এসএমপি সূত্রে জানা গেছে, গত ১৮ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আটজন আসামিকেও গ্রেফতার করা হয়।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ১১ জনকে আটক করা হয়েছে। একইসাথে কোতোয়ালি থানা ও শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জন মাদকসেবীকে আটক করা হয়।

অন্যদিকে জালালাবাদ থানা এলাকা থেকে চারজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এছাড়া নিয়মিত মামলায় এজাহারভুক্ত ৩২ জন আসামিকে গ্রেফতার ও সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরো ২২ জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, মেট্রোপলিটন অধ্যাদেশ মোতাবেক বিভিন্ন এলাকা থেকে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরির সন্দেহে পাঁচজন ও পাঁচজন হকারকেও আটক করা হয়েছে।

এর আগে, ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছিল ৭০ জনকে। পরবর্তী ১৮ ঘণ্টায় আরো ৭০ জন গ্রেফতার হওয়ায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।

রোববার (৮ মার্চ) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটক ও গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।’