ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর পৌর শহরের রেলস্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাছিমা আক্তার কণা (৩৬) গৌরীপুর পৌরসভার নতুন বাজার বাড়িওয়ালাপাড়া এলাকার মরহুম আজিজ সর্দারের মেয়ে এবং মরহুম জুলহাস মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার ডিউটি অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পরে তার সাথে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ভেতরে থাকা ৩০টি সবুজ রঙের জিপার প্যাকেট থেকে মোট ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৬০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালানোর সময় পড়ে গিয়ে ওই নারী সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



