বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেয়া যায়, তাহলেই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। রমজান মাসে কোরআনের সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।’
শুক্রবার (১৩ মার্চ) সিলেট নগরীর শেখঘাটে মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘আল্লাহ মানবতার মুক্তির সনদ আল কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। এটি বিশ্ব মানবতার জীবন বিধান। ন্যায়বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোনো মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে বিশ্বাস করতে পারে না।’
তিনি আরো বলেন, ‘কোরআন নাযিলের মাস রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আত্মশুদ্ধির এই মাসে আমরা নিজেদের কতটুকু পরিবর্তন করতে পেরেছি, এর পর্যালোচনা করতে হবে। প্রশিক্ষণের একটি মাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকি ১১ মাস জীবন পরিচালনা করতে হবে। কোরআন-সুন্নাহের আলোকে জীবন পরিচালনার প্রশিক্ষণের জন্য রমজান মাস উৎকৃষ্ট সময়। রমজানের শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দে সমাজের অসহায় মানুষকে শামিল করতে হবে।’
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলমের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. ফয়জুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক।
হাফিজ লুৎফুর রহমান টুটুলের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মুহাম্মদ শাহজাহান, প্রবাসী মুহাম্মদ সাদেক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইমাদ উদ্দিন, আবুল কাশেম, প্রথম শ্রেণির ঠিকাদার মাহমুদুল হোসেন তোফা, বিশিষ্ট মুরুব্বি মুহাম্মদ ফখর উদ্দিন, আখতার মাহমুদ, খেলাফত মজলিস নেতা আব্দুল আজিজ, বিশিষ্ট আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট আইনজীবী রাব্বী হাসান তারেক, ছাত্রশিবির সরকারি মদন মোহন কলেজ সভাপতি মিজানুর রহমান, কোতোয়ালী পশ্চিম ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ তালহা, সেক্রেটারি আব্দুল আজিজ, ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়েজুল ইসলাম এবং ১২ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্রশিবির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।



