গাজীপুরে নেশার টাকা না দেয়ায় পোশাকশ্রমিক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। রোববার (১২ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে জেলার শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ীর (লিচু বাগান) মজনুর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে।
নিহত পোশাকশ্রমিক নাসিমা আক্তার (২৭)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া (বাদরাকান্দা) গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহতের গ্রামের বাড়ির প্রতিবেশী শামীম মিয়া জানান, মাদকাসক্ত স্বামী সাইদুল নেশার টাকার জন্য স্ত্রী নাসিমা আক্তারের ওপর প্রায়ই অত্যাচার করতো। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। প্রায় মাস খানেক আগে নাসিমা তার দুই সন্তান আট বছরের এক মেয়ে ও পাঁচ বছরের এক ছেলেকে নিয়ে শ্রীপুরে চলে আসে। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ীর (লিচু বাগান) মজনুর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ওয়ানটেক্স পোশাক কারখানায় চাকরি করতো।
রোববার নাসিমা প্রথম মাসের বেতন পেয়ে বাসায় যায়। খবর পেয়ে ওই রাতেই তার স্বামী সাইদুল ইসলাম বাসায় আসে। রাতে তার স্ত্রীর কাছে টাকা চাইলে নাসিমা টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী সাইদুল তার দুই সন্তানের সামনে স্ত্রী নাসিমা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দুই শিশুসন্তান ঘটনাটি দেখলেও ভয়ে তার বাবাকে কোনো বাধা দেয়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা তাহসিন বলেন, পোশাকশ্রমিক নাসিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার শরীরে উপর্যুপুরি একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাদী মোহাম্মদ বলেন, নিহত পোশাকশ্রমিক নাসিমা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



