গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা-নাওজোর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অভিযোগে সোয়েটার লাইন বিডি লিমিটেড নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ জুলাই) তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে কারখানাটির মালিক ফিরোজ আহম্মেদকে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একইসাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো: মোস্তফা মাহবুব জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ উদ্যোগে কারখানায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে এসব দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো: মোস্তফা মাহবুব, উপব্যবস্থাপক মো: রাব্বানী ইসলাম, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো: রুহুল আমিন ও সহকারী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস ব্যবহার রোধ এবং সরকারি সম্পদের সুরক্ষায় এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



