ভোলাহাটে ৭ বছর পর অপহরণ ও হত্যা মামলার ‘ভিকটিম’ জীবিত উদ্ধার

একই গ্রামের বিআরটিসি বাসের হেলপার মো: আলমগীর আলী মেয়েটিকে রাজশাহীতে দেখে সন্দেহ হওয়ায় তিনি পরিচয় জিজ্ঞাসাবাদ করেন। সঠিক পরিচয় পেয়ে বিআরটিসি ডিপোর ম্যানেজার ও বাস ড্রাইভারকে বিষয়টি জানান এবং আমাকে অবহিত করেন।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

Location :

Rajshahi
উদ্ধার হওয়া নারী মোসা: আয়েশা খাতুন
উদ্ধার হওয়া নারী মোসা: আয়েশা খাতুন |নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার ভিকটিম মোসা: আয়েশা খাতুনকে (২৪) দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ মে) রাত সোয়া ৮টার দিকে ভোলাহাট কলেজ মোড় বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাকে জীবিত উদ্ধার করে পুলিশ।

জীবিত উদ্ধার আয়েশা খাতুন ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মো: আবুল হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আয়েশা খাতুন ২০১৯ সালের ৩১ মে দুপুরে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় তার মা আদুরী বেগম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আব্দুল রাকিব বলেন, একই গ্রামের বিআরটিসি বাসের হেলপার মো: আলমগীর আলী মেয়েটিকে রাজশাহীতে দেখে সন্দেহ হওয়ায় তিনি পরিচয় জিজ্ঞাসাবাদ করেন। সঠিক পরিচয় পেয়ে বিআরটিসি ডিপোর ম্যানেজার ও বাস ড্রাইভারকে বিষয়টি জানান এবং আমাকে অবহিত করেন। বিষয়টি জানার পরে ভোলাহাট থানার ওসির সাথে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী আয়েশাকে ভোলাহাটে নিয়ে আসা হয়।

মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: কামাল হোসেন বলেন, রাজশাহীর আলুপট্টি এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ভিকটিমকে শনাক্ত করে বাসে করে ভোলাহাটে পাঠানো হয়। পরে ভোলাহাট বিআরটিসি কাউন্টার থেকে তাকে উদ্ধার করে থানায় নেয়া হয়।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বারিক জানান, বর্তমানে ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।