চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীর খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকায় নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সাধে কথা বলেন এবং নদীর তীররক্ষা বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে স্থানীয়দের উদ্বেগের বিষয়গুলো তারা শোনেন।
পরিদর্শন দলে ছিলেন চাঁদপুর পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল খায়ের, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো: সেলিম সাহেদ, উপবিভাগীয় প্রকৌশলী মো: সালাহ উদ্দিন ও উপসহকারী প্রকৌশলী মো: জুবায়ের।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে ধনাগোদা নদীর ভাঙন আরো তীব্র আকার ধারণ করেছে। ফলে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙন আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
পরিদর্শনকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো: সেলিম সাহেদ বলেন, খাগুরিয়া ও হাঁপানিয়া এলাকার ভাঙন পরিস্থিতি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। নদীর গতিপ্রকৃতি ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় কারিগরি মূল্যায়নের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে। স্থানীয় জনগণের জানমাল ও স্থাপনা রক্ষায় পাউবো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, ভাঙনরোধে স্থায়ী সমাধানের পাশাপাশি জরুরি ভিত্তিতে কী ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া যায়, সেই বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে।



