মুরাদনগরে কৃষিজমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ

অভিযানকালে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনটি এক্সকাভেটর ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে পৃথক দুই মামলায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মাটি কাটা ও বালু তোলার কাজে ব্যবহৃত তিনটি এক্সকাভেটর ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার একাধিক স্থানে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা ও পূর্বধইর পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারওয়ার রাব্বি ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

অভিযানকালে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনটি এক্সকাভেটর ও বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী দু’টি মামলায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ দখলদারদের হাত থেকে একটি সরকারি খাল উদ্ধার করে সাধারণ মানুষের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি বিক্রি করে আসছিল। অভিযানের ফলে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারওয়ার রাব্বি বলেন, ‘ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে প্রশাসনের কোনো আপস নেই। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’