পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে দেবীগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দেশের প্রতিটি হাসপাতালে উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি আরো বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ও সিজারিয়ান অপারেশন চালুর উদ্যোগ নেয়া হবে। সেইসাথে ৫০ শয্যার হাসপাতালটিকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার ব্যবস্থা করা হবে।’
এছাড়া দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার বাইরে থেকেও, বিশেষ করে ডোমার এলাকা থেকে অনেক রোগী চিকিৎসা নিতে আসেন উল্লেখ করে তিনি চিকিৎসক সঙ্কট নিরসনে নতুন ডাক্তার নিয়োগের বিষয়েও আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা: মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ধর রায়, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আবু নোমান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেলসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সেবার মান আরো উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি চিকিৎসা সেবাকে আরো জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।



