মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ, দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী হবে। এর ফলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতের ব্যাপক প্রসারের পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি হলেও এখনো দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে স্থানীয় জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। তাই অবিলম্বে প্রকল্পটি অনুমোদন দিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজনু ফকির, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিজুর রহমান সাকু, সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, শিক্ষক আব্দুল মোত্তালিব সেলিম, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ মিস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তাদের দাবি, সেতুটি নির্মিত হলে জামালপুর ও বগুড়া জেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



