ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচনে হারুন-সাব্বিরের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ ২৪ পদের ২২টিতেই জয় পেয়েছে। এদের মধ্যে সভাপতি পদে হারুন অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি পদে আমান উদ্দিন কায়সার সাব্বির ও গ্রুপ ক্যাটাগরীতে শহীদুল ইসলাম ভুঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ৫৩০ ভোটের মধ্যে ৪৭৪ ভোট কাস্ট হয়। নির্বাচনে ২২ পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচন বোর্ড চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান ফলাফল ঘোষণা করেন।
সদস্যদের ভোটে জুনিয়র সহ-সভাপতি পদে রিয়াজ মো: সাইদুর রহমান ৩৪৩ ও মো: মাঈন উদ্দিন ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত ১৭৫ ও ফয়জুল্লাহ নোমানী ৮৮ ভোট পেয়েছেন।
সাধারণ ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকরা হলেন— মোহাম্মদ নুর উদ্দিন (১৭৭), সাবরিনা চৌধুরী (১৫৪), মোহাম্মদ আব্বাস ফারুক ভুইঁয়া (১৫৩), মো: সারাফাত হোসেন চৌধুরী (১৪৪), মো: নুরুল আবসার মজুমদার (১৩৮), মো: সোলায়মান (১২৫), ইদ্রিস আলী (১২৮)।
সহযোগী ক্যাটাগরিতে পরিচালকরা হলেন— সাইফুল ইসলাম (২২৫), রমিজ উদ্দিন আহমেদ (২০২), আরিফুল ইসলাম মাহমুদ (১৯৯), তৌহিদুল ইসলাম (১৯৭), মোহাম্মদ তামিম (১৮৯), মো: মাহবুবুল হক (১৮৭), মোহাম্মদ আবু তালেব মজুমদার (১৮৬), মো: শোয়াইব (১৮৫), হাবিবুর রহমান (১৮২), বিবি কুলসুম (১৮১), মোস্তফা কামাল (১৭৯), এন এন জীবন (১৭৬)।



