গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মারা যাওয়া মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে ও স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণ হারিণা এলাকায় আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহিন শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিণা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে ও স্থানীয় পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার জাহান বাহার এ ঘটনাটি নিশ্চিত করেন।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাহিন শেখ বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য একটি কাঁচা বাঁশ নিয়ে বাড়ির পাশের আমগাছে ওঠে ও তার চাচাতো ভাই ফাহিম নিচে থাকে। এসময় পতাকা টাঙানো কাচা বাঁশটি একপাশে হেলে পড়ে পল্লীবিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয়ে মাহিন শেখ মাটিতে পড়ে যায়। এসময় গাছের নিচে থাকা তার চাচাতো ভাই ফাহিম ডাকচিৎকার শুরু করে।

পরে স্বজনরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।