জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদী সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। জুলুম-নিপীড়নের সকল সীমাত অতিক্রম করেছিল। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাই সময়ের ব্যবধানে জুলাই আগস্ট আন্দোলনে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রীকে পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে। নেতাকর্মীদের আত্মগোপনে থাকতে হচ্ছে। এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জামায়াত অঙ্গীকারাবদ্ধ।’
সোমবার (২৬ মে) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পশ্চিম জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা কুরআন ও হাদীসের আলোকে শুধু জীবনকে নয়, পুরো সমাজকে সাজাতে চাই। এজন্য আমাদেরকে ইসলামের দিকে রবের পথে ফিরে আসতে হবে। কুরআন ও হাদীসকে অনুসরণ করতে হবে। নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। তাহলে ইহকালীন সাফল্য ও পরিকালিন মুক্তির পথ প্রশস্ত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে কাজ করে যেতে হবে।’
থানা আমির আজিজুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টিমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর রাজিক মিয়া, শ্রমিক নেতা জাবেদ আহমদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ রিপন, জামায়াত নেতা ইফতেখার আহমদ, মোয়াজ্জেম হোসেন, মাজহারুল ইসলাম, মোবারক হোসেন, হাফিজ আব্দুল আলীম, মোশাররফ হোসেন ও ফয়ছল আহমদ প্রমুখ।



