রংপুর কালেক্টরেট মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর শহরের কালেক্টরেট মাঠ
রংপুর শহরের কালেক্টরেট মাঠ |নয়া দিগন্ত

আজ শুক্রবার রংপুর সফরে আসছেন বিএনপি চেযারম্যান তারেক রহমান। ২০ বছর পর তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের যেমন উজ্জীবনের টনিক, ঠিক তেমনি নির্বাচনী বৈতরণী পার হওয়ারও মোক্ষম সুযোগ হিসবে দেখা হচ্ছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ রংপুর বিভাগের উন্নয়নের কি প্লান দিবেন তারেক রহমান, সেদিকেই নজর রাখছেন সবাই।

স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশের টার্গেট নিয়ে সব প্রস্তুতি শেষ হয়েছে। পথে পথে মানুষের স্রোত নামার আশা আয়োজকদের। সমাবেশ উপলক্ষে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙখলা বাহিনী।

বেলা ৩ টায় পীরগঞ্জের বাবনপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পরে বিকেলে রংপুর শহরের কালেক্টরেট মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান।

সরেজমিনে দেখা গেছে, রংপুরে তারেক রহমানের জনসভা উপলক্ষে প্রস্তুত কালেক্টরেট ঈদগাহ মাঠ। মাঠ ছাপিয়ে পুরো নগরী জুড়ে টানানো হয়েছে মাইকিং। বিভাগ জুড়ে বইছে নেতাকর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছাস। উজ্জীবিত নেতাকর্মীদের কণ্ঠে নানান হিসেবে নিকেষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাসসহ প্রত্যাশার ডালপালা। সুদীর্ঘ ৪০ বছর রংপুর বিভাগে তেমন অর্থে কোন এমপি ছিল না বিএনপির। পরবর্তীত বাস্তবতায় এই বিভাগ থেকে মোটাদরে এমপির আশায় নেতাকর্মীরা। তারেক রহমানের সফর সেই আশাকে বাস্তবে রূপদানের স্বপ্ন দেখছেন তারা্।

মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা সালেক বলেন, ‘ আমরা মানুষের মধ্যে কাজ করছি। তার আসার বিষয়ে অল্প সময়ের মধ্যেই মহিলাদের মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি। আশা করি ৪০ হাজারেরও বেশি মহিলার সমাগম হবে মাঠে।’

রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী বলেন, ‘ রংপুরে তারেক রহমান নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখবেন। এর মাধ্যমে নতুন করে একটি গণ জাগরণের সৃস্টি হবে। যা আগামী ১২ জানুয়ারী নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী হওয়ার পথ অনেক বেশি অগ্রণী ভূমিকা পালনে সহায়ক হবে। ‘

রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জাামান সামু বলেন, ‘তারেক রহমানের সফরকে ঘরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছাস সাধারণ মানুষের সাথে একাকার হয়ে গেছে। আমি মনে করি সমাবেশ থেকে তিনি রংপুরের মানুষ যে দীর্ঘদিনে থেকে ন্যায্যতা ও উন্নয়ন থেকে বঞ্চিত সেজন্য তিনি তার পরিকল্পনার কথা বলবেন।

রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন, ‘ রংপুরের মানুষ অতীতে তাদের এমপি নির্বাচনে যে ভুল করেছে। সেখান থেকে আমরা ঘুড়ে দাড়ানোর চেস্টা করছি। সেই নেতৃত্ব দিবেন তারেক রহমান। এবং তিনি সেই প্লান নিয়ে রংপুরে আসছেন। রংপুরের জন্য কি করবেন। এই অঞ্চলকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তিনি তার প্লান উপস্থাপন করবেন। ‘

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ‘তারেক রহমানের সমাবেশ ঘিরে আইনশৃঙখলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারি আছে। ট্রাফিক ব্যবস্থাপনা আছে। ভেন্যু এবং রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে। আমরা সেজন গোয়েন্দা নজরদারি রাখছি। ইউনিফর্ম ফোর্স মোতায়েন রেখেছি। রুপটফগুলোতে ফোর্স রেখেছি। সব কিছু মিলে পরিবেশ ভালো আছে। কোন সমস্যা হবে না।’