ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সংঘটিত মা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইউসুফ আলীর গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার দুপুরে বাঁচামারা বাজার এলাকায় ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি নিষ্পাপ শিশুসহ দুজনকে হত্যার ঘটনায় এলাকাবাসী গভীরভাবে মর্মাহত। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত শনিবার রাতে বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্থানীয় কাপড় ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) ও তাদের দুই বছর বয়সী ছেলে আসলাম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন ছালাম। নিহতদের স্বজনরা ছালামের ছোট ভাই ইউসুফ আলীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে নিহত মা ও সন্তানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



