বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় মো: হকিকুল ইসলাম (৩৫), মো: ফারুক ইসলাম (৩৫) ও মো: নয়ন ইসলাম (২৫)-কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় মামলা করা হয়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা। অভিযানে বোদা থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা করে। ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপির ঘোষিত মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।



