নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারি, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
মুন্না নামের এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, ‘হকার্স মার্কেটটির অধিকাংশই জামাকাপড়ের দোকান। দোকানে কিছুদিন আগে বেশ কিছু মালামাল কিনে রাখি। আগুনে অধিকাংশ মালামাল পুড়ে গেছে।’
হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের প্রতি মহানগর জামায়াতের সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
তারা এক বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাইদের প্রতি সহমর্মিতা জানাই ও সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছে। পাশাপাশি সরকারি তরফ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানাই। আমরা মনে করি প্রশাসন প্রকৃত ঘটনা উদঘাটন করে যদি কোনো দুষ্কৃতকারী এই কাজে জড়িত থাকে তাহলে দ্রুত যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন।
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে চাষাড়ায় হকারদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে তৈরি ৬৪২ ছোট দোকানঘর নির্মাণ করে দেয়া হয়েছিল। আগুনে হকার্স মার্কেটের ৩০টি দোকানঘর পুড়ে গেছে। চেম্বার অব কমার্সের প্রতি হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং দোকানগুলো পুনঃনির্মাণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান তিনি।



