গাজীপুরে জুয়েলার্স মালিককে কুপিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট

ধস্তাধস্তির একপর্যায়ে তাকে উপর্যপুরি কুপিয়ে সাথে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারযোগে দ্রুত পালিয়ে যায়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur

গাজীপুরে জুয়েলার্সের মালিককে কুপিয়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ব্যবসায়ী সনজিৎ মন্ডলের (৩৮) অবস্থা আশঙ্কাজনক বলে জনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী সনজিৎ মন্ডল বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে স্থানীয় দেওলিয়াবাড়ি এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। এ সময় কোনাবাড়ি কলেজ গেটে একটি সাদা রঙের প্রাইভেটকারে পূর্ব থেকে অবস্থান করা ছিনতাইারীরা তাকে ঘিরে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে উপর্যপুরি কুপিয়ে সাথে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকারযোগে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ির একটি ক্লিনিকে ও পরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কিশোর গ্যাং সদস্যদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এরা প্রায় প্রতিদিনই কারোর না কারোর ওপর চড়াও হচ্ছে। ব্যবসায়ী সনজিৎ মন্ডলের শরীরে কোপের ধরনই বলে দেয় এটি স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের কাজ। এই চক্রটি সম্প্রতি স্থানীয় জরুন এলাকার বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে মাথা খণ্ডবিখণ্ড করে দেয়। গত বুধবার রাতে নাসির পালোয়ান মারা যান।

এ ব্যাপারে জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাহউদ্দিন বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ব্যবসায়ী সনজিৎ হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। তার পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৃদ্ধ নাসির পালোয়ান হত্যাকাণ্ড ও আলোচিত ছিনতাইয়ের ঘটনায় এখনো কউ গ্রেফতার হয়নি বলেও তিনি জানান।