টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই ও সুতাং নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনো নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, খোয়াই নদীর শায়েস্তাগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানির উচ্চতা দ্রুত বাড়ছে। একই সময়ে শায়েস্তাগঞ্জ-লাখাই সড়কের সুতাং ব্রিজ পয়েন্টে সুতাং নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও সেখানেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ১০৯ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং খোয়াই নদীর চাকমা গেট খুলে দেয়ায় জেলার নদ-নদীগুলোতে পানির প্রবাহ বেড়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, উজানে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দেশের অভ্যন্তরে গত দুই দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে ভারতের খোয়াই নদীর চাকমা গেট খুলে দেয়ায় খোয়াই নদীর পানি দ্রুত বাড়ছে। গত মঙ্গলবার রাত থেকে জেলার প্রায় সব নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরো বাড়তে পারে। এ কারণে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ উপজেলার নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত উপজেলায় বন্যার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



