বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের নির্দেশে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের সৌদি আরবে ভয়াবহ আগুনে নিহত তিন রেমিট্যান্সযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়েছে নাটোর জেলা জামায়াতের নেতারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মঙ্গলবার নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। রোববার সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হন তারা।
নিহতরা হলেন- উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মো: জাকির আলীর ছেলে মো: শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার মো: গোলাম রাব্বানীর ছেলে মো: সাব্বির আহমেদ শুভ (৩০), মহিশডাঙ্গা গ্রামের মো: আসলাম হোসেনর ছেলে মো: রবিউল আউয়াল হৃদয় (২৫)।
নেতৃবৃন্দ বলেন, নিহতদের পরিবারের যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তারা। পরে জামায়াতের পক্ষ থেকে তিন নিহতের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আবু নওশাদ নোমানী, জিহাদুল ইসলাম, মাধনগর ইউনিয়নের আমিন ডা: ফজলুল হক নান্নু, জামায়াতের নেতা মো: আফাজ উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।



