সেতু প্রতিমন্ত্রী

কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে

‘বালু নদীর সেতু নির্মাণ কাজ আগামী এক বছরের মধ্যে সমাপ্ত করা হবে। সেতু দু’টি চালু হলে লাখো মানুষের যাতায়াত সহজ হবে। কৃষি ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সিলেটসহ ঢাকার পূর্বাঞ্চলীয় জেলায় যানবাহন চলাচল আরো সহজ ও দ্রুত হবে।’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
সাংবাদিকদের সাথে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
সাংবাদিকদের সাথে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ |নয়া দিগন্ত

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘বালু নদীর কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে।’

তিনি বলেন, ‘সেতু চালু হলে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে ঢাকার পূর্বাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরো একধাপ এগিয়ে যাবে। একটি কুচক্রী মহল এতোদিন সেতুর নির্মাণ কাজ বাঁধাগ্রস্থ করেছিল।’

বৃহস্পতিবার (১৮ জুন) রূপগঞ্জ উপজেলার ইছাপুরা সেতু ও কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন শেষে নগরপাড়ায় আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

সেতু প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার পূর্ব মাদারটেক, সবুজবাগ হয়ে বালু নদীর সেতু পার হয়ে সিলেট ও চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকায় সহজেই আসা-যাওয়া করা যাবে। সেই দিক থেকে বালু নদীর সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘বালু নদীর সেতু নির্মাণ কাজ আগামী এক বছরের মধ্যে সমাপ্ত করা হবে। সেতু দু’টি চালু হলে লাখো মানুষের যাতায়াত সহজ হবে। কৃষি ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সিলেটসহ ঢাকার পূর্বাঞ্চলীয় জেলায় যানবাহন চলাচল আরো সহজ ও দ্রুত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বালু নদীর কায়েতপাড়া-নগরপাড়া সেতু নির্মাণ ২৩ বছর ধরে চলমান।

পরে প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ তারাবো পৌরসভার অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করেন।