বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার উদ্যোগে কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতারা ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক মানোন্নয়ন, আদর্শিক চর্চা এবং সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় সদর উপজেলার মদিনা বাজারে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোহাম্মদ নুরুল আমিন শিকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। নিয়মিত পবিত্র কোরআন তিলাওয়াত, আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখা এবং বেশি বেশি ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনকে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।
আলোচনা করেন জেলা জামায়াতের তারবিয়াত বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ কে এম ইউসুফ, মিরকাদিম পৌর জামায়াতের আমির মাওলানা মো: গোলাম জিলানী এবং উপজেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: মজনু দেওয়ানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। শিক্ষা বৈঠকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কর্মীদের ভূমিকা রাখতে হবে।



