কুলাউড়ায় এহসানুল মাহবুব জুবায়ের

ফ্যাসিস্টদের ফেরার সুযোগ দিলে দেশে আরেকটি ৫ আগস্ট হবে

৫ আগস্টের আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা অনেক গণহত্যা করেছে। ১৪শ’ ছাত্রকে হত্যা করেছে। অতীতে শাপলা চত্বরে গণহত্যা করেছে। অপরাধীদের কোনো ক্ষমা নেই। এদেরকে যদি কেউ সহানুভূতি দেখায়, প্রশয় দেয় ও আগামীতে ফেরার স্বপ্ন দেখায় তাদেরকেও এদেশের মানুষ ছাড় দেবে না।

Location :

Kulaura
কুলাউড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
কুলাউড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের |নয়া দিগন্ত

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ৫ আগস্টের আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলো তারা অনেক গণহত্যা করেছে। ১৪শ’ ছাত্রকে হত্যা করেছে। অতীতে শাপলা চত্বরে গণহত্যা করেছে। অপরাধীদের কোনো ক্ষমা নেই। এদেরকে যদি কেউ সহানুভূতি দেখায়, প্রশয় দেয় ও আগামীতে ফেরার স্বপ্ন দেখায় তাদেরকেও এদেশের মানুষ ছাড় দেবে না। তখন আরেকটি ৫ আগস্ট হবে।

তিনি বলেন, ক্ষমতাসীনরা যাতে ফ্যাসিবাদী না হন। আমরা জামায়াতে ইসলামী জনগণের অধিকার নিয়ে সোচ্চার থাকব। সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় থাকব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা আয়োজিত মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা দেশে উন্নত শিক্ষা ও ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি। বাংলাদেশকে গড়তে জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের নেতৃত্বে রয়েছে। আমরা ক্ষুধা, দারিদ্র্য ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের ভিত্তিতে, কুরআনের ভিত্তিতে দেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। ইনশাআল্লাহ এই বাংলাদেশ হেরে যাবেনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম। উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমির মাস্টার আব্দুল হামিদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ আলম সরকার, সদস্য সচিব মাহবুব জামান শিহাব।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।