কুসিকের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে ৮৩২ জন কর্মীর হাতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
প্রধানমন্ত্রীর ঈদ উপহার
প্রধানমন্ত্রীর ঈদ উপহার |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে ৮৩২ জন কর্মীর হাতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি কর্মীদের হাতে ঈদ উপহারের অর্থ তুলে দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, ‘নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য প্রধানমন্ত্রী এই ঈদ উপহার পাঠিয়েছেন। প্রত্যেক কর্মীকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঈদুল আজহার সময় নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুসিক সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কুসিক আট ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মীরাও। পরিচ্ছন্নতা কর্মী আবুল হাসান জানান, অতীতে তারা এমন ঈদ উপহার পাননি। বর্তমান প্রশাসক দায়িত্ব নেয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাচ্ছেন তারা। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও কুসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতীসহ কুসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুসিক প্রশাসকের একান্ত সচিব আসিফ বিল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুর রব।