গফরগাঁওয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে হত্যা, গ্রেফতার ৩

আলমগীরের পরিবারের সাথে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২৬ মার্চ বিকেলে আসামিরা আলমগীরকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়।

ময়মনসিংহ অফিস

Location :

Gaffargaon
বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব |প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বুদ্ধিপ্রতিবন্ধী আলমগীর হোসেনকে (৩২) হত্যার ঘটনায় পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। বুধবার (২০ মে) বিকেলে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও চাঞ্চল্যকর অপরাধ উদঘাটনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সাফল্য পায়।

মামলার তথ্য অনুযায়ী, আলমগীরের পরিবারের সাথে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২৬ মার্চ বিকেলে আসামিরা আলমগীরকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরের ভেতরে হাত-পা বেঁধে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা ছফরুদ্দিন গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে র‍্যাব-১৪ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে চট্টগ্রামের হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে আমান মিয়া (৪০), পারভীন (৪০) ও রিয়া (২০) নামে তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য পলাতকদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।