ঢাকার দোহারে ব্রিজের ওপর থেকে মো: শাহজালাল নামে (৬৬) এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার লটাখোলা করমআলী মোড় এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শাহজালাল উপজেলার লটাখোলা জেলেপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঘাইর বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শাহজালাল গত ২৫ বছর আগে দোহার উপজেলার লটাখোলা এলাকায় ভাড়া বাড়িতে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত চারদিন আগে তিনি বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বাড়ির অদূরে স্থানীয়রা জয়পাড়া খালের ওপর ব্রিজের রেলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ছেলে শাওন জানায়, তার বাবা বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। সবশেষ গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে কথা হলে সে জানায় দুই-একদিনের মধ্যে বাড়িতে আসবে।
দোহার থানার উপ-পরিদর্শক ফজলার রহমান জানান, পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, অটোরিকশা চালকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



