বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলন

‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় বরিশাল জেলার আটটি উপজেলায় ছয় মাস থেকে চার বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট এক লাখ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
সিভিল সার্জন কার্যালয়, বরিশাল
সিভিল সার্জন কার্যালয়, বরিশাল |সংগৃহীত

বরিশাল জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: এস এম মনজুর-এ-এলাহী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘ইতোমধ্যে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলা ও বাকেরগঞ্জ পৌরসভায় গত ৫ মে থেকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত বাকেরগঞ্জ পৌরসভায় লক্ষ্যমাত্রার প্রায় ৭৬ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় বরিশাল জেলার আটটি উপজেলায় ছয় মাস থেকে চার বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট এক লাখ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে এনে টিকা দেয়ার আহ্বান জানানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে এবং হাম-রুবেলা প্রতিরোধে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।