বাউবির এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত

বাউবি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

গাজীপুর জেলা প্রতিনিধি
প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিতব্য বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বাউবির বিভিন্ন শিক্ষাক্রমের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাউবির পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে এমএ এবং এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (দ্বিতীয় সেমিস্টার), বিএজিএড (বি.এজি.এড.) প্রোগ্রামের ২৫২ টার্মের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এম.এড.) পরীক্ষা-২০২৫-এর ২৫২ টার্মের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ প্রোগ্রামের ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের ১৭ ও ১৮ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাসমূহ।

বাউবি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তবে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।