মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে নোয়াখালী শহর পানিতে ডুবে গেছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে নোয়াখালী আবহাওয়া বিভাগ।
সোম ও মঙ্গলবার টানা ভারী বর্ষণে জেলা শহর মাইজদীর প্রেসক্লাব সড়ক, টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, ডিসি সড়ক, মহিলা কলেজ সড়ক, জেল খানা সড়ক, মাইজদী বাজারসড়ক, ইসলামিয়া সড়কসহ বিভিন্ন বাড়ি ঘর, মাইজদী আল ফারুক একাডেমিসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে।
জলাবদ্ধতার কারণে সড়কে চলাচলে ভয়াবহ দুর্ভোগে পড়েছে শহরবাসী।
স্থানীয়রা জানায়, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ।
এ ঘটনার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে অনেকে। হালকা বৃষ্টিতেই নোয়াখালী পৌরসভা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানায় তারা।
এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর নয়টি উপজেলার নিচু এলাকা পানিতে ডুবে গেছে।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি। প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তবে পাশের কিছু সড়ক পানিতে ডুবে গেছে।’
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



