ময়মনসিংহে নবনির্বাচিত এমপিদের হাতে বেসরকারি ফলাফল হস্তান্তর

ময়মনসিংহে নবনির্বাচিত ১১ জন জাতীয় সংসদ সদস্যের হাতে বেসরকারি ফলাফল হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহে নবনির্বাচিত এমপিদের হাতে বেসরকারি ফলাফল হস্তান্তর
ময়মনসিংহে নবনির্বাচিত এমপিদের হাতে বেসরকারি ফলাফল হস্তান্তর |নয়া দিগন্ত

ময়মনসিংহে নবনির্বাচিত ১১ জন জাতীয় সংসদ সদস্যের হাতে বেসরকারি ফলাফল হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে বিজয়ী খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিজয়ী ধানের শীষের ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী ধানের শীষের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিজয়ী ধানের শীষের জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর মু. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিজয়ী ধানের শীষের ডা: মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ আসনে বিজয়ী ধানের শীষের প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিজয়ী ধানের শীষের ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বিজয়ী ধানের শীষের মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন বিজয়ী ধানের শীষের ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারি ফলাফল গ্রহণ করেন। ফলাফল হস্তান্তর শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন ও শুভকামনা জানান।

এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন নবনির্বাচিতরা। ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিজয়ী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘এই দেশ আমাদের এই দেশের মাটি ও মানুষ আমাদের আপন। আমরা কাজ করে প্রমাণ করবো যে অবহেলিত এলাকার উন্নয়ন, গণমানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত চাই।’

মাদকমুক্ত সমাজ ও ভঙ্গুর রাষ্ট্রবির্নিমাণে তারেক রহমানকে সহযোগিতা করতে চার তিনি।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিজয়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু বলেন, ‘আমরা তারেক রহমানের নিদের্শনা অনুযায়ী কোনো ধরণের কোনো প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আমার এলাকাবাসিকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তাবায়নে শুধু বিএনপি নয়, সবাইকে নিয়েই সকল সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ।’

ময়মনসিংহ-৮ আসনে বিজয়ী উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘আমি প্রথমেই খুব দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে কাজ করবো। জেএনজির জন্য আমি কিছু করতে চাই। যেহেতু আমি নিজেই একজন টেকনিক্যাল মানুষ তাই ডাটা অ্যানুটেশন ও লেভেলিং কাজকর্মকে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে চাই এবং তাদের উপার্জনের বিকল্প মাধ্যমে কমপক্ষে ৫ হাজার তরুণকে আয়ের পথ দেখানো যাবে। এজন্য ইতোমধ্যেই চাইনিজ ও ইউরোপীয় গোষ্ঠির সাথে আলোচনা করেছি। আশা করি সফল হবো ইনশাল্লাহ।’

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিজয়ী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিশ্রুতি অনযায়ী প্রথমেই একটি বিদ্যুত কেন্দ্র স্থাপন করবো। এলাকার অনুন্নত রাস্তাঘাট পাকাকরণ জরুরি। জীবনের ঝুঁকি নিয়ে হলেও নান্দাইলকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করবো ইনশাল্লাহ।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন বিজয়ী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ‘অপিরকল্পিতভাবে গড়ে উঠা ভালুকার শিল্পাঞ্চল এলাকার উন্নয়নের পাশাপাশি অনেক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি পরিকল্পিত শিল্পাঞ্চলের মাধ্যমে বেকারত্ব দূর করবো।’ ভালুকার স্বাস্থ্যখাতের উন্নয়ন করা জরুরি বলেও মনে করেন তিনি।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মু. কামরুল হাসান মিলন জানান, ফুলবাড়িয়ার উন্নয়নে সবাইকে নিয়েই তিনি কাজ করবেন। সকলের সাথে আলোচনা করেই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।

ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনে বিজয়ী খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ বলেন, ‘এলাকায় শান্তি প্রতিষ্ঠায় আইনের শাসন কায়েম করবো। মাদক, দুর্নীতি ও সন্ত্রাস দূর করবো। অনগ্রসর ফুলপুর ও তারাকান্দার রাস্তাঘাটের উন্নয়ন করে মানুষের চলাচল সহজ করে দিবো।’

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিজয়ী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমি অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জন্য বিগত ১৬ বছর নিরলসভাবে কাজ করেছি। তাদের পাশে ছিলাম বলেই তাঁরা আমাকে বিজয়ী করেছেন। আমি তাদের জন্য যা করা দরকার করবো।