বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ওই বৈশাখী মেলায় থাকছে নানা বৈচিত্রময় আয়োজন।
চৈত্র সংক্রান্তির আবহ থেকে পহেলা বৈশাখ এবং পরবর্তী আয়োজন গাজীপুরবাসীর কাছে পরিণত হয়েছে এক প্রাণের উৎসবে, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য মেলবন্ধন ঘটেছে।
পহেলা বৈশাখের সকালে ঢাক-ঢোলের তালে, রঙিন পোশাক, নান্দনিক মুখোশ, আলপনা ও লোকজ ঐতিহ্যের উপকরণে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ভাওয়াল রাজবাড়ী প্রাঙ্গণ থেকে। শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা হয়ে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।
শোভাযাত্রা শেষে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ পরিবেশনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।
তার সাথে যোগ হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। যা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বৈশাখী মেলার মধ্য দিয়ে পুরনো বছরের সব গ্লানি ভুলে নতুন আশার আলো নিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন গাজীপুরবাসী।
মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। আর এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ তাহেরুল হক চৌহান, পুলিশ সুপার গাজীপুর মো: শরিফ উদ্দীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সম্মানে এক আন্তরিক বৈশাখী আপ্যায়নের আয়োজন করেন পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মো: ইসরাইল হাওলাদার। এ আয়োজন উৎসবের আনন্দকে আরো সম্প্রসারিত করার পাশাপাশি বিভিন্ন মহলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করেছে।
এছাড়া, গাজীপুর মহানগরের তিতারকুল চিলাই নদীর তীরে রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান। আনন্দ শোভাযাত্রা, গ্রামীণ খাবার পরিবেশন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন রোটারিয়ান ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট, নাক-কান-গলা বিশেষজ্ঞ রোটারিয়ান ডা: অধ্যাপক মো: আমিরুল ইসলাম। বিশেষ অতিথি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মো: সামছুল আলম শিবলী বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচিত করে এবং সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে।



