নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দেশব্যাপী গ্যাস সঙ্কট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে ১১ দলীয় ঐক্যের নওগাঁ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, এল ডি পি নওগাঁ জেলা শাখা সাধারণ সম্পাদক শাহেনশাহ, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি আনোয়ার হোসেন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, জাগপা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
স্মারকলিপিতে জনগণের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়।



