চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘নির্বাচনী চ্যাপ্টার শেষ হয়েছে, এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময় এসেছে। একে অন্যের মান-অভিমান ভুলে সাতকানিয়া-লোহাগাড়ায় আমরা একে অপরকে সহযোগিতা করে আমাদের এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাব।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় চট্টগ্রামের লোহাগাড়ার একটি রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা সবাই চাইলে একটি সৌহার্দ্যপূর্ণ সাতকানিয়া-লোহাগাড়া গড়তে পারব। এখানে আমরা একে অপরের বন্ধু, আমরা একে অপরের আত্মীয়, একে অপরের ভাই। সুতরাং যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে যাব।’
সভায় সাংবাদিকদের তিনি বলেন, ‘চট্টগ্রাম-১৫ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। এই বিজয় আমার একার নয়, এটি সাধারণ জনগণের বিজয়। একটি এলাকার উন্নয়নে সাংবাদিক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করবেন, এটাই আমার প্রত্যাশা।’
তিনি বলেন, ‘আমি দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। ভোটার, সমর্থক ও বিরোধী রাজনৈতিক মতের সব বন্ধুদের সহযোগিতা কামনা করছি। সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন করলে তিনি সেগুলোর উত্তর দেন এবং সবার সহযোগিতায় এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে, বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় সাতকানিয়া ও লোহাগাড়ায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।



