জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো: মাইনুল ইসলাম মান্না।
রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো পদত্যাগপত্রও সেখানে শেয়ার করেন।
ফেসবুক পোস্টে মাইনুল ইসলাম মান্না উল্লেখ করেন, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না।
তিনি লিখেন, ‘আমি মো: মাইনুল ইসলাম মান্না ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।’
ওই পদত্যাগপত্রে তিনি আরো উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান তিনি।
পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করবেন।’
একইসাথে তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানান।
তবে এ বিষয়ে এনসিপি’র কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও এখনো কোনো ঘোষণা আসেনি।
জানতে চাওয়া হলে পদত্যাগের বিষয়ে মো: মাইনুল ইসলাম মান্না বলেন, ‘ব্যক্তিগত আর পারিবারিক কারণে পদত্যাগ করেছি। এছাড়া অন্য কিছু না।’



