বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি-সিগারেট জব্দ

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশী সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Rangamati
সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি এবং ১০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সীমান্ত সড়ক মাঝিপাড়া ১৬ কিঃ মিঃ নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশী সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের অংশগ্রহণে বিজিবির একটি আভিযানিক দল মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে হাতে ব্যাগ নিয়ে দুই অজ্ঞাত ব্যক্তিকে ওই এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার বিদেশী (চায়না) পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশী Patron ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশী সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।