চুয়াডাঙ্গায় দিনদুপুরে কোটি টাকার চুল ছিনতাই

পিকআপভ্যান থামিয়ে প্রসেসিং করা ২৩ বস্তা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
প্রসেসিং করা চুল
প্রসেসিং করা চুল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় দিনেদুপুরে একটি পিকআপভ্যান থামিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ২৩ বস্তা প্রসেসিং করা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুড়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানা থেকে প্রসেসিং শেষ করে ২৩ বস্তায় মোট ৪০০ কেজি চুল পিকআপভ্যানে ঢাকায় নেয়া হচ্ছিল। চালানটিতে প্রায় ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ীর চুল ছিল, যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। পুড়াপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পিকআপটির গতি রোধ করে মালামাল লুট করে নিয়ে যায়।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান তাগিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্য সড়কে এই বিশাল চালানের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা ও লুণ্ঠিত চুল উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যেই অভিযানে নেমেছে।