গাইবান্ধার সুন্দরগঞ্জে কাপাশিয়া খেয়াঘাটে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে কাপাশিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের ব্যানারে কাপাশিয়া ঘাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের কয়েক শত মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ১৫ নম্বর কাপাশিয়া ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক মো: জামাল উদ্দিন, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, শ্রমিক দলের সাবেক সভাপতি ফুল মিয়া প্রমুখ।
চরাঞ্চলের দরিদ্র খেটে খাওয়া লোকজন বলেন, আমরা নদী ভাঙ্গনের কারণে নিঃস্ব হয়ে সরকারি আবাসনে বসবাস করছি। নিজে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হয়, আর আমাদের ছেলে মেয়েরা স্কুল-কলেজ যাওয়ার সময় অতিরিক্ত নৌকার ভাড়া নেয়। কেউ অসুস্থ হলে তখনো অতিরিক্ত ভাড়া ছাড়া যেতে পারি না যা খুবই দুঃখজনক।
বক্তারা অভিযোগ করেন, চরাঞ্চলের প্রায় ২০ হাজার সাধারণ মানুষের কাছ থেকে নদী পারাপারের জন্য জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। কেউ নির্ধারিত অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে মাঝ নদীর চরে যাত্রীদের নামিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটছে।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এ হয়রানির শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেননি।
দ্রুত সময়ের মধ্যে ইজারাদার বাতিল এবং খেয়াঘাটের সরকারি নিয়মের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।



