গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে ফের রাজনৈতিক উত্তাপে সরগরম হতে যাচ্ছে গাজীপুর। আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হবে এক বৃহৎ ও তাৎপর্যপূর্ণ নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া ওই জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই নগরজুড়ে আলোচনা ও কৌতূহল তুঙ্গে।
গাজীপুর জেলা জামায়াতের আমির ডা: জাহাঙ্গীর আলম ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন এক যৌথ বক্তব্যে বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, অনিয়ম ও বৈষম্যে ক্লান্ত মানুষের জন্য এই জনসভা হবে নতুন প্রত্যাশার প্রতীক।
তাদের ভাষায়, ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ এই স্লোগান কেবল বক্তব্য নয়, এটি একটি রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা। জনসভা থেকে জনগণের ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে বলে তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদার রাজনীতিতে অতিষ্ঠ। জামায়াতে ইসলামী সেই বিকল্প ধারার রাজনীতির কথা বলছে, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেয়া হয়। ডা: শফিকুর রহমানের নেতৃত্বে এই জনসভা হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত এমন প্রত্যাশা তাদের।
আয়োজকদের মতে, ভাওয়াল রাজবাড়ী মাঠের এই সমাবেশ শুধু একটি দলীয় কর্মসূচি নয়; বরং গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি গণজাগরণের রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপির নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ওই সমাবেশের রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি বৃহৎ রাজনৈতিক কর্মসূচি ঘোষণায় গাজীপুর কার্যত নির্বাচনী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই সমাবেশগুলো আসন্ন জাতীয় রাজনীতিতে গাজীপুরের গুরুত্ব আরো স্পষ্ট করে তুলছে।
ইতোমধ্যে জনসভা সফল করতে গাজীপুর মহানগর ও জেলা জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীরা বলছেন, এই জনসভা থেকে একটি স্পষ্ট বার্তা যাবে, বাংলাদেশের মানুষ আর ভয় নয়, ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত।



