মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব পোঁড়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি গাঁড়াডোব এলাকায় দুই বছর ধরে অবস্থান করছেন। এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন তিনি। আজ দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর সিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহ থেকে সিআইডির একটি টিম এসেছে। নিহতের হাতের ছাপ নেয়া হয়েছে। তার পরিচয় শনাক্তকরণে কাজ চলে।



