চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরের দিকেই ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে উপস্থিত হন মনু মিয়া। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে ন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান জানান, সকাল থেকেই তিনি ভোট দেয়ার জন্য লাইনে ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে যান।
পরিবারের সদস্যদের ধারণা, মনু মিয়া ডায়াবেটিসসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। এসব কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ভোট চলাকালীন সময়েই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
নিহতের বড় ছেলে শাকিলও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



