বরিশালের গৌরনদী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুই ভাইকে আটক করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল গৌরনদী উপজেলার সরিকল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন— এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদা (৪৫)।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারোয়ার প্যাদার মিয়ারচরের বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি ককটেল (হাতবোমা) ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যেই এসব ককটেল ও অস্ত্র মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



