বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুলের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য রাশেদুল ইসলাম টিটন এবং গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিমকে স্ব স্ব পদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, চলমান নির্বাচনী প্রক্রিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় না থেকে, বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষে তৎপর ছিলেন এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে দলের ভেতরে আলোচনা ও অস্বস্তি চলছিল।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না বলেন, ‘দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভিন্ন অবস্থান নিলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’



