নওগাঁর আত্রাইয়ে চকবিষ্টপুর গ্রামে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মানিকজান বেওয়া (৯৮) নামে এক বৃদ্ধার লাশ দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শিববাড়ি বাজার-সংলগ্ন আত্রাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং মানিকজান বেওয়ার বলে শনাক্ত করা হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে গোসলের উদ্দেশ্যে আত্রাই নদীতে নামার পর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় দু’দিন পর নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



